ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪ দেশে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪৯ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় নিয়ে  আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

এদিকে হঠাৎ করে ফ্লাইট স্থগিতের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। অনেকেই টিকিট কনফার্ম থাকলেও ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। এমন পরিস্থিরতে যাত্রীদেরকে পরবর্তী তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।