ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তে নামবে দুদক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি- সংগৃহীত

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্তে নিতে প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ কমিশনের কাছে জমা পড়েনি বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, দুদকের তপশিলভুক্ত যেকোনো অভিযোগ পেলে তা উপেক্ষা করার সুযোগ নেই। অভিযোগের ভিত্তি ও গ্রহণযোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে দুদকের আবেদনের পর আদালত সাবেক সংসদ সদস্য সানজীদা খানম এবং সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন।