রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোনাহর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২ মার্চ তার নেতৃত্বে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পে অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানে এলাকায় চিহ্নিত কয়েকটি মাদক স্পটে একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগে মোট ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

