মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি এ তথ্য জানায়।
জানা গেছে, আজ মঙ্গলবার (৪ মার্চ) প্রথম ফ্লাইট সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
অপর বিশেষ ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ঊড্ডয়ন করবে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে।
দুটি ফ্লাইটেই ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। ঢাকা–দুবাই ফ্লাইটের নম্বর বিএস-৩৪১, এবং দুবাই–ঢাকা ফ্লাইটের নম্বর বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলা, এমিরেটস, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
ভিসা মেয়াদ শেষ বা শিগগিরই শেষ হতে যাওয়া যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে ওঠার সুযোগ দেওয়া হবে। টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ইউএস-বাংলা সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন