যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ক্রুসহ ৩৭৮ বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইট (এয়ারবাস ৩৩০) ঢাকায় অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছিলেন তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ৪৩৬ সিট ক্যাপাসিটির এয়ারবাস ৩৩০ মডেলের উড়োজাহাজটি ৩৭৮ জন যাত্রী নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদের মধ্যে ২৭ জন দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু-ও আছেন। তারা সবাই নিরাপদে অবতরণ করেছেন।
বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা জানান, হঠাৎই যুদ্ধ শুরু হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাচ্ছিলেন। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের অনেকে ইউএস-বাংলার এই ফ্লাইটের কথা জানতে পেরে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। বিমান অবতরণের খবরে সবাই সন্তুষ্ট। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের বড় স্বস্তি।

