পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে। আর এ কাজ করতে গিয়ে সাধারণ মানুষের প্রতি পুলিশ সদস্যদের সদাচরণ করতে হবে। শুক্রবার (৬ মার্চ) পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সদস্যরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে। আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে।
এর আগে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে। অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। পুলিশ প্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএনর নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন আরএমপি, রাজশাহীর এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক। কেরাতে প্রথম হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার লিনেন কিপার মো. আব্দুল আউয়াল, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএনর নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম। হামদ ও নাতে প্রথম হয়েছেন ১১ এপিবিএনর নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি, বরিশালের কনস্টেবল এস এম মশিউর রহমান। ‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএনর কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ, রংপুরের নারী কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীগণ ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন