পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (৮ মার্চ) নির্ধারিত সূচি অনুযায়ী যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করছেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ এবং ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৭ মার্চ। আগামী ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ৯ মার্চ।
এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে কেনা টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকবে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন