পুলিশের চার কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলি ও নতুন দায়িত্বের সবাই বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন