ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাফ জয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:০০ এএম
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪–৩ গোলে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে লাল–সবুজের যুবারা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে আরও উজ্জীবিত করবে। দেশপ্রেম ও টিম স্পিরিটে উজ্জীবিত তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের বিজয়ের ধারা দেশে–বিদেশে অব্যাহত রাখা সম্ভব।

তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিকে শিরোপা ধরে রাখা এই দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রাতে এক বার্তায় তিনি খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।