রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৯ এপ্রিল পুরস্কার দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছর সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন
স্বাধীনতা ও দেশগঠন: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
মুক্তিযুদ্ধ: এই ক্ষেত্রে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাহিত্য ও সংস্কৃতি: সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত (এ কে এম হানিফ) ও বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
সমাজসেবা ও জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই বিভাগে পুরস্কার পাচ্ছেন।
গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অন্যান্য: ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) মনোনীত হয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন