ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা ৬ দিনের ছুটি পাবেন যেসব চাকরিজীবী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি- সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এপ্রিলে আসছে টানা ছুটির সুখবর। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে তারা উপভোগ করতে পারবেন টানা ছয় দিনের অবকাশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি মূলত ওই অঞ্চলের জন্য প্রযোজ্য হলেও দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত হবে।

এর পরদিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশেই সরকারি ছুটি থাকবে। এই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৪ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে, যা পড়েছে মঙ্গলবার। এর সঙ্গে যদি ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি সমন্বয় করা যায়, তবে ১৭ ও ১৮ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ মোট ছয় দিনের টানা ছুটি পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করেছেন। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ওই ছুটি শেষে ২৪ মার্চ থেকে অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যেই আবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ একদিনের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের অবকাশ পেয়েছিলেন তারা।

সাম্প্রতিক ছুটির ধারাবাহিকতায় এবার পার্বত্য অঞ্চলের সরকারি চাকরিজীবীদের সামনে আবারও দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হলো।