হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর দায়িত্বশীল সরকারের অধীনে প্রথম হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সেবামুখী করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে।
তিনি আরও জানান, এবারের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা প্রদান করবে, তাদের পুরস্কৃত করা হবে।
সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থা তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে এবং একটি সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে।
এসময় উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক আ. ছালাম খান। এছাড়া হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন। এছাড়া সৌদি এয়ারলাইন্স সাউদিয়া এবং ফ্লাইনাসের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন