দেশের প্রতিটি উপজেলায় গার্লস স্কুল ও আলিয়া মাদ্রাসা সরকারিকরণের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব (নোটিশ) দিলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধী দলীয় এক সদস্য জানতে চান, প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের ঘোষণা থাকলেও গার্লস স্কুল ও আলিয়া মাদ্রাসা সরকারিকরণের কোনো উদ্যোগ রয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়েছে কি না তা এ মুহূর্তে তার মনে নেই। তবে এ বিষয়ে প্রস্তাব এলে সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে।
এর আগে গত ৮ এপ্রিল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা রয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সেদিন ইকরামুল বারী টিপু তার প্রশ্নে নওগাঁর মান্দা উপজেলার ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে জানতে চান।
প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই উপজেলা পর্যায়ে মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চার দিন মুলতবি থাকার পর আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।

