ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুমের ঘটনায় সংসদে স্পষ্ট জবাব চাইলেন এমপি কলিম উদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১০:০২ পিএম
ছবি- সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নিখোঁজ হওয়া অন্যান্য ব্যক্তিদের বর্তমান অবস্থা নিয়ে জাতীয় সংসদে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রত্যাশা করেন।

রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কলিম উদ্দিন বলেন, ইলিয়াস আলীসহ চার শতাধিক নেতাকর্মী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সরকারের কাছে প্রশ্ন ও উদ্বেগ জানানো হয়েছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি পরিষ্কার অবস্থান তুলে ধরা জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে দীর্ঘদিনের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করছে এবং বিভিন্ন ধরনের অপ্রমাণিত তথ্য ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য জানানো দরকার, যাতে জাতি প্রকৃত সত্য জানতে পারে।

সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, গুম হওয়া ব্যক্তিদের সর্বশেষ অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা এখন সময়ের দাবি এবং এটি জনগণের জানার অধিকার।