দেশব্যাপী হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কর্মসূচির আওতায় সারা দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে টিকা দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নিয়মিতভাবে এই কার্যক্রম চলবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং টিকা সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ১২ এপ্রিল দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালু করা হয়। ধাপে ধাপে বাস্তবায়নের পর আজ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কর্মসূচি শুরু হলো।
দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় কর্মসূচির সূচনা করবেন। একই দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’-তে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন