চলতি বছরের পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মোট ৮১টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা সৌদি বিমানবন্দরে অবতরণ করেছেন।
জানা যায়, সৌদিতে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন। এই বিশালসংখ্যক যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সবশেষ গত ২২ এপ্রিল মো. আবুল কাশেম (৭০) নামে এক হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেন। এর ঠিক এক দিন আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এবারের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূচি অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে আগামী ৩১ এপ্রিল পর্যন্ত। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।


