ফ্যামিলি কার্ড চালুর ফলে জাতীয় বাজেটের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে এ বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, এটি রাষ্ট্রের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। একই সঙ্গে কৃষক কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও সচল হবে।
তিনি আরও বলেন, ঢাকামুখী জনস্রোত কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীর বাইরে শিল্পাঞ্চল গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণের মাধ্যমে ঢাকার ওপর চাপ কমানো হবে।
রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে নিয়মিত জনসচেতনতা কার্যক্রম, মশক নিধন জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বৃক্ষরোপণ কর্মসূচি। মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাইপাস সড়ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অনেক সময় বাইপাস সড়ককে কেন্দ্র করেই নতুন নগরায়ণ গড়ে ওঠে, ফলে পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়।
এ সময় জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন