মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরোধী দলের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব দেওয়া হবে রাজনৈতিকভাবেই, এবং সে ক্ষেত্রে বিরোধী দলকেই চাপে পড়তে হতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন দাবি করেন, বর্তমান সরকার কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নয়, বরং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, অতীতের কিছু নির্বাচনের সঙ্গে এই সরকারের বৈধতাকে এক কাতারে ফেলা ঠিক নয়।
সরকার পতনের হুমকি প্রসঙ্গে তিনি আরও বলেন, কেউ যদি চাপ সৃষ্টি করে সরকারকে হটানোর চিন্তা করে, তবে অতীতের মতোই রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি সংসদ নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, প্রয়োজন হলে নির্দেশনা এলেই তারা আবারও মাঠে নামতে প্রস্তুত।
বিরোধী দলের সংসদীয় বক্তব্যের প্রশংসা করলেও, সংসদের ভেতরে ও বাইরে তাদের কিছু বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তার মতে, এসব বক্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা বাড়াচ্ছে। এর ফলে ক্যাম্পাসে সংঘর্ষ ও অস্থিরতা দেখা দিচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।


