ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৩৩ পিএম
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রোববার রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।

এর আগে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের নাম ঘোষণা করে। গেজেট অনুযায়ী দল ও জোটভিত্তিক আসন বণ্টনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রক্রিয়ার একপর্যায়ে নুসরাত তাবাসসুমের মনোনয়ন নিয়ে জটিলতা থাকলেও শনিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিএনপি জোটের নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে।

অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীতদের মধ্যে আছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নিসহ একাধিক প্রার্থী। এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিত্বের ভিত্তিতে আরও কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া জোটভিত্তিক সমঝোতার অংশ হিসেবে কিছু আসনে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।