চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। সোমবার (৪ মে) সকালে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৮৮৪ জন।
পরিবহন ব্যবস্থার দিক থেকে সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি ৫২টি ফ্লাইট পরিচালনা করে ২১ হাজার ৩০১ জনকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
হজ শেষে হাজিদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু হবে ৩০ মে থেকে। জেদ্দা থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট চলবে জুন মাসজুড়ে, আর ৩০ জুন ঢাকার উদ্দেশে শেষ হজ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন