বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।
সোমবার (০৪ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ শশীদল বিওপির একটি টহলদল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেন।
জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন