আগামী জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরও বিবেচনায় রয়েছে এবং উভয় দেশের সময়সূচির সঙ্গে সমন্বয় করে সফর পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, চীন সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ প্রকল্পটি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তিনি নিজেও চীন সফরে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ মে চীন সফরে যাচ্ছেন এবং ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ও ভারতের মতো ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর সফরসূচি নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর নেতৃত্বের সময়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার রয়েছে এবং এ বিষয়ে চীন সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

