পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কেনাকাটায় স্বস্তি দিতে আজ সোমবার (১১ মে) থেকে দেশজুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত (শুক্রবার বাদে) এ কার্যক্রম চলবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এর আগে রোববার (১০ মে) টিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি কার্যক্রম আগের মতোই চলমান থাকবে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জন্যও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাক পরিচালিত হবে।
১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের এ কার্যক্রমে প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৪০০ জন সাধারণ ক্রেতার কাছে পণ্য বিক্রি করা হবে। এর মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন এবং মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য সরবরাহ করা হবে।
ট্রাকসেলে একজন ক্রেতা ১৩০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
এদিকে মে মাসজুড়ে টিসিবির প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকিমূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারীদের জন্য প্রতি মাসে নির্ধারিত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন