পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি করা হবে।
বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে। প্রথম দিনে ২৩ মে যাত্রার টিকিট বিক্রি হবে। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

