× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

ঢাকা বিমানবন্দরে ওয়াই-ফাই চালু, একসঙ্গে সুবিধা পাবে ৩৭ হাজার যাত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সেবা। এর মাধ্যমে এখন থেকে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীরা বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। একসঙ্গে প্রায় ৩৭ হাজার ৫০০ জন ব্যবহারকারীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে এই সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে। বিমানবন্দরে এই উদ্যোগ যাত্রীসেবার মান আরও উন্নত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্রুত থার্ড টার্মিনাল চালুর প্রত্যাশার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে বিপুল সংখ্যক যাত্রী ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই নেটওয়ার্কের আওতা বিস্তৃত করা হয়েছে। টার্মিনাল ১ ও ২ ছাড়াও ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকাতেও যাত্রীরা এই সেবা পাবেন।

পুরো নেটওয়ার্ক পরিচালনায় স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। আধুনিক এই অবকাঠামোর ফলে বিমানবন্দরের বিভিন্ন অংশে দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট থেকে একসঙ্গে প্রায় ১৫০ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন। সব মিলিয়ে পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথে পরিচালিত হচ্ছে।

এর আগে গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছিল। পরীক্ষামূলক সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এই সুবিধা ব্যবহার করেছেন এবং মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!