× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৭:৪১ পিএম

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৭:৪১ পিএম

মাইকেল মিলার ও আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

মাইকেল মিলার ও আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানিতে রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে গ্রিন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন COP31 সম্মেলন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্প খাতে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাভারের ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি (Effluent Treatment Plant) কার্যক্রম আরও কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো তুলনামূলকভাবে কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এ কারণে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সহজ শর্তে ও সময়োপযোগী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

মাইকেল মিলার বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, সবুজ জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজতর করা, নীতিগত সংস্কার এগিয়ে নেওয়া এবং উদ্ভাবনী জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!