বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে ফ্রান্সের খ্যাতনামা বিশ্ব সাহিত্য অভিধান দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর। আন্তর্জাতিকভাবে সুপরিচিত ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান লারুস প্রকাশিত এই তথ্যভাণ্ডারে নজরুলকে বাংলা ভাষার একজন প্রভাবশালী কবি হিসেবে তুলে ধরা হয়েছে।
অভিধানে উল্লেখ করা হয়েছে, ১৮৯৯ সালে চুরুলিয়ায় জন্মগ্রহণকারী এবং ১৯৭৭ সালে ঢাকায় মৃত্যুবরণ করা নজরুল বাংলা সাহিত্যের এক অনন্য কণ্ঠস্বর। তাকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে বিশেষভাবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার সাহিত্যকর্মে দেশপ্রেম, মানবতা, সামাজিক ন্যায়বোধ ও সংগ্রামী চেতনার শক্তিশালী উপস্থিতির কথাও তুলে ধরা হয়েছে।
বিশ্ব সাহিত্য অভিধানে নজরুলের গুরুত্বপূর্ণ সৃষ্টির উদাহরণ হিসেবে অগ্নিবীণা এবং ভাঙার গানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
খোরশেদ আলম পাটোয়ারী, যিনি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিসের উপদেষ্টা ও নজরুল গবেষক, বলেন যে ইউরোপের স্বীকৃত ও দীর্ঘদিনের আন্তর্জাতিক সাহিত্যভিত্তিক জ্ঞানকোষে নজরুলের অন্তর্ভুক্তি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিশ্বব্যাপী পরিচিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার মতে, এটি শুধু একজন কবির আন্তর্জাতিক স্বীকৃতিই নয়, বরং বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের বৈশ্বিক মর্যাদারও প্রতিফলন।
একই সংগঠনের সভাপতি সোহেল আহমদ বলেন, নজরুল কেবল বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি মানবমুক্তি, সাম্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার এক বিশ্বজনীন কণ্ঠ। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার সাহিত্যিক অবস্থান এখনও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
তিনি জানান, ফরাসি সমাজে নজরুলের সাহিত্য ও দর্শনকে আরও বিস্তৃতভাবে পরিচিত করতে তাদের সংগঠন ধারাবাহিক নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য, ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান লারুস-এর দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর বিশ্বসাহিত্য, লেখক এবং বিভিন্ন সাহিত্যধারার তথ্যসমৃদ্ধ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক তথ্যভাণ্ডার হিসেবে পরিচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন