বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকাল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। রাতে সজীবকে ঢাকার নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। তাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, আটক সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
এদিকে আটকের পর পরই জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে খাইরুল ইসলাম সজীবকে। রোববার রাতে যুবদলের প্যাডে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সেখানে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

-20260622104623.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন