ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

৮ মাস অনুপস্থিত ডিআইজি বিপ্লবকে বরখাস্ত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:৫১ এএম
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। ছবি : সংগৃহীত

টানা আট মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের অনুপস্থিতি ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে বিবেচিত হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, কর্মস্থলে অনুপস্থিত থাকার তারিখ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।