ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০২:০৬ পিএম
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকের অপব্যবহার ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি পরিবার, সমাজ ও অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করেন। এটি মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপটেড যোগাযোগব্যবস্থা ব্যবহার করে তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বাস্তবতার নিরিখে মাদকের অপব্যবহার রোধে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ নীতির আওতায় কাজ করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে উৎপাদনও স্বাভাবিকভাবেই কমে আসবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনগণকে সচেতন করতে বিলবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসনসেবার পাশাপাশি এসব সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।