ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ফুয়াদের বক্তব্যকে ইতিহাসবিকৃত ও ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের বিরূপ মনোভাবের পেছনে রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ রয়েছে। তার দাবি, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা, এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিবাচক ও অগ্রণী ভূমিকা পালন করেছে। অন্যদিকে, ফুয়াদের ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করা জামায়াতে ইসলামী এসব ঐতিহাসিক মুহূর্তে জনগণের বিপরীত অবস্থানে ছিল বলে অভিযোগ করেন তিনি।
নাছির আরও বলেন, অতীতের সেই অবস্থানের ক্ষোভ ও গ্লানি থেকেই ফুয়াদের এমন মন্তব্য এসেছে বলে তিনি মনে করেন।
ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুধু অহংকারপূর্ণ নয়, বরং ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনেরও শামিল। তার ভাষ্য, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
পোস্টের শেষাংশে নাছির উদ্দীন নাছির ব্যারিস্টার ফুয়াদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া বক্তব্য দ্রুত প্রত্যাহার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানান।

