ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বন্যায় ৫৪ জনের মৃত্যু, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০২ পিএম
ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের সাত জেলার ৫৯টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। এছাড়াও এ পর্যন্ত ৫৪ জন বন্যায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন।

দেশে ভারি বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারি জায়গায় দ্রুত পরিসরে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।

এছাড়া গরু ও ছাগলের খাবার সংকটের কারণে খর ও ঘাসের যোগান দেবে সরকার-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রাণিদের খুরা রোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।