ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ব্রয়লার চিকেন পার্টি‍‍‍‍`র আত্মপ্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিবাদের নতুন রূপ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘Broiler Chicken Party’ (ব্রয়লার চিকেন পার্টি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন জেন-জি (Gen-Z) প্রজন্মের একদল শিক্ষার্থী। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানকে সামনে রেখে খোলা পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিকাল ৬টা পর্যন্ত পেজটিতে প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাত ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা হয়েছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেই বক্তব্যের প্রতিবাদ জানাতেই ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মের সূচনা হয়েছে বলে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন সংশ্লিষ্ট ব্যঙ্গচিত্র, মিম, ভিডিও এবং বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের ভাষ্য অনুযায়ী, ‘ব্রয়লার চিকেন পার্টি’ ভারতের ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর ধারণা থেকে অনুপ্রাণিত। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে সে দেশে ‘ককরোচ জনতা পার্টি’ নামে অনলাইন প্রতিবাদ শুরু হয়। পরবর্তীতে সেটি তরুণদের বেকারত্ব, প্রশ্নফাঁস এবং নিয়োগ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৃহত্তর অনলাইন আন্দোলনে রূপ নেয়।

বাংলাদেশেও ‘ব্রয়লার চিকেন পার্টি’ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে।