নতুন নৌ-বাহিনী প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বাহিনীটির বর্তমান প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। সেদিনই তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং রয়্যাল মালয়েশিয়ান নেভিতে বেসিক নেভাল অফিসার ট্রেইনিং সম্পন্ন করেন। তিনি তার ব্যাচে (৮৭এ) জ্যেষ্ঠতা এবং মেধা উভয় তালিকায় প্রথম স্থান অধিকার করেন।
তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সামরিক ক্ষেত্রে উচ্চতর যোগ্যতার অংশ হিসেবে তিনি এনডিইউ, এএফডব্লিউ এবং পিএসসি কোর্স সম্পন্ন করেছেন।
নৌবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে যোগ দেন।
তিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডার বা কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
নৌবাহিনীতে অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল সেবার স্বীকৃতিস্বরূপ তিনি এনবিপি এবং এনপিপি পদকে ভূষিত হন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন