মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের উত্তর-পশ্চিম প্রান্তে সীমান্তবর্তী কাচীপ্রহরী এলাকার নিকট হতে রোববার বিকেলে ৫ ফুট দৈর্ঘ্যের ১টি অজগর সাপ উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধার হওয়ার পর বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে সেটিকে নিরাপদে সংরক্ষণ করেন। পরবর্তীতে রাতে উদ্ধারকৃত অজগর সাপটি লাউয়াছড়া বন বিটের বিট কর্মকর্তা মারজুক প্রহাসনের নিকট যথাযথভাবে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে এবং শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এবং সুবেদার অ্যাডজুট্যান্ট-এর উপস্থিতিতে রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তাগণের প্রাথমিক ধারণা অনুযায়ী, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বর্ষণের ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন উঁচু এলাকা থেকে মুড়মুড়িয়া ছড়া হয়ে অজগর সাপটি ব্যাটালিয়ন সদর সংলগ্ন এলাকায় চলে আসে। পানির প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে বর্ষাকালে এ ধরনের বন্যপ্রাণী মাঝে মাঝে নিরাপদ আবাসস্থল ছেড়ে জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন