বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে সরকার বেনজীর আহমেদ টিটোকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আধুনিকায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পনগরীগুলোর কার্যক্রম গতিশীল করা ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই আশা প্রকাশ করছেন।
বেনজীর আহমেদ টিটো এক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। আমার সামর্থ্যরে পুরোটা দিয়েই চেষ্টা করব দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিসিককে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে। নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিসিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন। এ সময় তিনি দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সবার সহযোগিতা কামনা করেন।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন, ২০২৩-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় বিসিকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
বৈশ্বিক অর্থনীতি বাস্তবতা ও কুটির শিল্প দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তাই বিসিকের নতুন চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটো সামনে শিল্প খাতকে আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করছেন এ খাত-সংশ্লিষ্টরা।
বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকা-ের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশে জাতীয়তা (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিএনপির দলীয় পর্যায়ে তিনি একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। টাঙ্গাইলের রাজনীতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকা-ে দীর্ঘদিন ধরে পরিচিত বেনজীর আহমেদ টিটো। টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় শিল্পের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন