ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

এলজিইডির প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ার ড্রাইভার রফিক!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর গাড়িচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে বদলি বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত রফিকুল ইসলামের মাসিক বেতন মাত্র ১৭ হাজার টাকা হলেও গাজীপুরে তার তিনটি বাড়ি, ব্যক্তিগত দুটি গাড়ি এবং উল্লেখযোগ্য সম্পদ রয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলা প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীদের বদলি এবং বিভিন্ন পদায়নে তিনি প্রভাব খাটান।

এ ছাড়া প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলায় নির্বাহী প্রকৌশলী ও পিডি নিয়োগে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

সূত্রগুলোর ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের গাড়িচালক হিসেবে কর্মরত রফিকুল ইসলাম প্রশাসনিক বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, বেলাল হোসেন যখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) ছিলেন, তখন থেকেই নিয়োগ ও বদলি-সংক্রান্ত কর্মকাণ্ডে রফিকুলের প্রভাব বাড়তে থাকে। প্রধান প্রকৌশলী হওয়ার পর সেই প্রভাব আরও বৃদ্ধি পায় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, গাজীপুরে রফিকুল ইসলামের তিনটি বাড়ি রয়েছে। তার মালিকানাধীন দুটি গাড়ি এলজিইডিতে ভাড়া দিয়ে মাসিক আয় করছেন। এ ছাড়া একটি বাড়ি থেকে নিয়মিত ভাড়াও পান বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ বিষয়ে বক্তব্য জানতে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন ও রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।