ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি- সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক রেফারেন্স ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

সিইসি জানান, এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর দলটি তার সংসদ সদস্যপদ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে চিঠি পাঠায়।

তিনি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের বিষয়ে প্রথমে বিষয়টি স্পিকারের কাছে উত্থাপন করতে হয়। স্পিকার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে রেফার করলে কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় আসেনি।

তিনি বলেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়া গেলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।