রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছাত্রদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধীরে ধীরে বিক্ষোভে রূপ নেয়।
উত্তেজিত শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন— ‘সন্ত্রাসীদের আস্তানা চলবে না’, ‘সন্ত্রাসীদের হামলার জবাব চাই’। এতে ছাত্রাবাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার তথ্য নিশ্চিত করে কলেজ প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বশীল শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছেন। রাতেই ছাত্রাবাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় ঠিক কী নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে শিক্ষার্থীদের একটি অংশ দাবি করছে, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালিয়েছে।
আবার কেউ কেউ বলেন, বহিরাগত সন্ত্রাসীরা এই সাহস পেল কোথায় থেকে? আর শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ছাত্রাবাস এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন