ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা চার লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ২৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৭ হাজার ৩৫৯ জন এবং নারী ভোটার ২৭ হাজার ৬৬৫ জন। এ ছাড়া এখনো ৬ হাজার ৬০৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদিত নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৪১৮।
এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি–নির্ভর পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি সূত্র জানায়, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, ব্রাজিল, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, তাইওয়ানসহ ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বহু দেশে নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসি কর্মকর্তারা বলছেন, অতীতে প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর না হওয়ায় নতুন করে আইটি-সাপোর্টেড ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রবাসীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন শুরু হলে আগ্রহের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন