ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫৯ পিএম
পুলিশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। ছবি- সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) এবং থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এই নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। সভায় বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির বিষয়গুলি আলোচনা করা হয়।

সভায় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন হবে।’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘বড়দিনের উৎসব সর্বজনীন। বাংলাদেশ পুলিশের সক্ষমতা দিয়ে আমরা শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিশ্চিত করতে সক্ষম হব।’

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ জানিয়েছে, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হবে।

সভায় দেশের বিভিন্ন স্থানে গীর্জার নিরাপত্তার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের সকল পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। কেউ উচ্চশব্দে হর্ন বাজালে বা বেপরোয়া গতিতে যানবাহন চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তার সহযোগিতা নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) এ কে এম শহিদুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সেন্ট মেরীজ ক্যাথিড্রাল চার্চের পালপুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস্ সুব্রত হাজরা, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক অপু প্লাসিড মধু, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ ও সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা প্রমুখ।