দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এবারের ঈদে সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিন নির্ধারিত হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এমন পরিস্থিতিতে ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ’র যেই ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি- তার থেকেও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাত্রী পরিবহন করতে চাই।’
তিনি বলেন, ‘ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথায় থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো।’
রাজিব আহসান বলেন, ‘ঈদ যাত্রায় বন্দরগুলো যেনো পরিচ্ছন্ন থাকে, হকার মুক্ত থাকে, অযাচিত লোক যেন বন্দরে না থাকে এবং ঢাকায় আমরা চেষ্টা করবো সদর ঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাঁট থেকে যেনো লঞ্চ চলাচল করতে পারে।’
তিনি বলেন, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে— তাদের সুবিধার্থে ঘাটগুলো চালু করা হবে। এছাড়াও যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন