ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীর্ঘ ২৫ বছর পর পূর্ণমন্ত্রী হলেন দুলু, লালমনিরহাটে মিষ্টি বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫১ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন লালমনিরহাট-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দীর্ঘ ২৫ বছর পর পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবরে লালমনিরহাট জেলায় আনন্দের জোয়ার বইছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দুলুর মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তরুণদের সংগঠন ‘জেনজি লালমনিরহাট’-এর আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সদস্যসচিব আতিকুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দুলুর এই অর্জন লালমনিরহাটের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মঙ্গলবার মন্ত্রিসভার দপ্তর বণ্টন করা হয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মোবাইল ফোনের মাধ্যমে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত হন। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ২৫ বছর পর এবার তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তার রাজনৈতিক জীবনে তিস্তা নদী রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। তিনি এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে উত্তরাঞ্চলের মানুষের দাবি আদায়ে রাজপথে সক্রিয় ছিলেন।

দুলু পূর্ণমন্ত্রী হওয়ায় সবচেয়ে বেশি আশাবাদী তিস্তা পাড়ের মানুষ। সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা ও নাট্য সংগঠক মাখন দাস বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিনি রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে আমরা আশা করি।

নারী উদ্যোক্তারাও তার মন্ত্রী হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন। তরুণ নারী উদ্যোক্তা সেলিনা বেগম সুইটি বলেন, দুলু ভাই মন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। আশা করি তিনি নারীদের স্বাবলম্বী করা এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় কার্যকর উদ্যোগ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসাদুল হাবিব দুলুর মতো অভিজ্ঞ নেতাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় উত্তরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তার নেতৃত্বে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে উন্নয়নের নতুন গতি আসবে—এমন প্রত্যাশাই সাধারণ মানুষের।