ইরানের হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ একজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় প্রকাশ করেনি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত সালেহ আহমদ আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হলে হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। সিভিল ডিফেন্স ও পুলিশ তাকে হাসপাতালে নেয়।
রোববার (১ মার্চ) সকালে অনানুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নিহত সালেহ আহমদ দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন। দেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানানো হয়েছে।
-20260301190457.webp)

