পঞ্চগড়ে ভাতিজাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে শিপু দেব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিবেশী এক নারী বাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় শিপু দেবের মরদেহ দেখতে পান। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
শিপু দেব ৮ নং সদর ইউনিয়নের মন্ডলেরহাট বোসপাড়ার এলাকার বাসিন্দা। তার পিতা কৃষ্ণ বর্মন ও মাতা কর্ণবালা। পেশায় তিনি নাপিত এবং ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের একটি সেলুনে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাত প্রায় ১০টার দিকে তিনি এক ভাতিজাকে ফেসবুক মেসেঞ্জারে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলেছিলেন, ‘আমি চলে গেলাম, ভালো থাকিস তোরা। যাচ্ছি ওপারে, আর ফিরবো না।’
ধারণা করা হচ্ছে, রাত ১১টার দিকে তিনি এ সিদ্ধান্ত নেন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত নয়।
বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন