ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৫ এএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি আর্থিক সহযোগিতা চেয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটি বড় নদী ঘেরা প্রত‍্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আপনারা দোয়া ও আর্থিক সহযোগিতা করবেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াই চালিয়ে যাই।

ফুয়াদ দিচ্ছেন বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের তথ্য, যাতে জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা সহায়তা পাঠাতে পারেন।

এর আগে ড. তাসনিম জারা সহ কয়েকজন প্রার্থীও ফেসবুকে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন।