ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশন জানায়, মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হয়েছে।
এর আগে ২ জানুয়ারি, বগুড়া-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় কিছু অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার তথ্য প্রদান করেননি এবং প্রদত্ত এফিডেভিট স্বাক্ষরের এক দিন পরই সম্পাদিত হয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীর ফরমও তিনি দাখিল করেননি। এসব কারণে প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল।
নির্বাচন কমিশনের আপিল মঞ্জুরের ফলে মাহমুদুর রহমান মান্না এখন বৈধ প্রার্থী হিসেবে ভোটে অংশ নিতে পারবেন।


