ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করলেন তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৩:৪৩ এএম
তারেক রহমান। ছবি : সংগৃহীত

ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুরবাড়ি থেকে প্রচারাভিযান শুরু করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

প্রচারকালে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন সবাইকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, বহুদিন, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি এখানে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন বাড়িতে এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।

তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, বিরাইমপুর ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করা যাবে কি না। এ সময় উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।