ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সত্যিই কি জামায়াত জোটে যোগ দিচ্ছেন মান্না?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০১:১০ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ‌‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে যুক্ত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এমন গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, দুই এক দিনের মধ্যে মাহমুদুর রহমান মান্নার জামায়াত জোটে যোগ দেওয়া নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

যদিও এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো কথা হয়নি। হয়তো তারা (জামায়াত) নিজেদের মধ্যে আলোচনা করছে। দেখা যাক কি হয়।’

বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে।

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য।

সূত্র বলছে, আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্না। তিনি বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।