ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদে বিরোধীদলীয় নেতা হলেন যারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:১০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলের শীর্ষ নেতারা জানান, সংসদে শক্তিশালী ও গঠনমূলক বিরোধী ভূমিকা পালনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে। ফলে বিরোধী জোটের মধ্যে সমন্বিত নেতৃত্ব কাঠামো গড়ে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জামায়াত ও তাদের নেতৃত্বাধীন জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সংবিধান সংস্কার ইস্যুতে অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত শপথ না নেওয়ার ইঙ্গিত দিয়েছিল জামায়াত। 

বিশেষ করে বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না—এমন বক্তব্য সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে দলীয় জরুরি বৈঠকে অংশ নিয়ে নেতারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী এমপিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের অবস্থানে যায়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।